ফরিদপুরে ভেজাল সারের কারখানা সিলগালা
ফরিদপুরে ভেজাল সার তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কোমরপুর এলাকায় অবস্থিত ‘সিলভার এগ্রো ফুড কমপ্লেক্স লি.’ নামের ওই সার কারখানাটি পাঁচ বছর ধরে ভেজাল সার তৈরি করে বাজারজাত করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।প্রত্যক্ষদর্শী মশিউর রহমান জানান, আদালতের উপস্থিতি টের পেয়ে সেখানকার শ্রমিকেরা পালিয়ে যান। কারখানার ভেতর থেকে টিএসপি সারের নামে ‘মেড ইন চায়না’ সিলমারা কয়েক শ বস্তা উদ্ধার করা হয়। এ ছাড়া সার বানানোর উপকরণ হিসেবে মাটি, সিমেন্ট, ব্লাক অক্সাইড, গোবরসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের সদস্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, সেখানে ভেজাল সার প্রস্তুত করা হচ্ছে। আরও পরীক্ষা করার জন্য আমরা সংগৃহীত উপকরণ ঢাকার খামার বাড়িতে পাঠিয়েছি।’নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, ‘ওই কারখানার মালিক আবু বকর সিদ্দিকী আত্মগোপন করেছেন। এ জন্য আমরা কারখানাটি সিলগালা করে এসেছি। প্রতিবেদন পাওয়ার পর নিয়মিত মামলাসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’