ফরিদপুরে মন্ত্রীর কাছে শিক্ষার্থীদের তিন দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে গতকাল শনিবার তিন দফা দাবি পেশ করেছেন। মন্ত্রী অবিলম্বে এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
ওই কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুই সহস্রাধিক শিক্ষার্থী ফরিদপুর শহরতলির কৈজুরি ইউনিয়নের বদরপুর গ্রামে অবস্থিত মন্ত্রীর নিজস্ব বাসভবনে যান। এ সময় তাঁরা মন্ত্রীর কাছে পরিবহনের জন্য বাসের ব্যবস্থা করা, কলেজে একটি অডিটোরিয়াম স্থাপন ও ক্যানটিন নির্মাণের দাবি জানান। এ সময় মন্ত্রী তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওই সব দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী এক সপ্তাহের মধ্যে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার জন্য দুটি বাস প্রদানের আশ্বাস দেন। এ ছাড়া কলেজের অডিটোরিয়াম নির্মাণের জন্য একনেকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানান। এ ছাড়া কলেজ ক্যাম্পাসে অবিলম্বে একটি ক্যানটিন স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।