ফরিদপুরে মন্ত্রীর সাবেক এপিএস জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব সত্যজিৎ মুখার্জি জামিনে মুক্তি পেয়েছেন। গত রোববার সন্ধ্যায় তিনি ফরিদপুর কারাগার থেকে মুক্ত হন।

মুক্তি লাভের পর তিনি শহরের রঘুনন্দনপুরে নিজ বাড়িতে চলে যান। তিনি বাড়ি ফেরার পর রাতে ওই বাড়িতে একদল যুবক হামলা চালিয়ে চারটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সত্যজিৎ মুখার্জি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।

সত্যজিৎ মুখার্জি অভিযোগ করেন, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাঁর বাড়ির সামনে ১৫-১৬ জন যুবক হাতুড়ি ও লাঠি নিয়ে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা তাঁর বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা বাড়ির সামনে থাকা তাঁর সমর্থকদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় তাঁর (সত্যজিৎ) মা রোববার রাতেই থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগটি গ্রহণ করেনি।

২০১৫ সালের ১৬ এপ্রিল তৎকালীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিবের পদ থেকে সত্যজিৎকে বহিষ্কার করা হয়। তাঁকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়। এরপর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট ২৩টি মামলা হয়। এর মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানায় ২০টি চাঁদাবাজি ও একটি প্রতারণার মামলা এবং রাজধানীর রমনা থানায় একটি চাঁদাবাজি ও অপরটি দুদকের মামলা।

গত বছরের ২২ আগস্ট ঢাকার নাখালপাড়া এলাকা থেকে সত্যজিৎকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাঁকে ফরিদপুরে আনা হয়। এসব মামলায় আদালত সত্যজিৎকে জামিন দিলে রোববার তিনি ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

এদিকে গতকাল সোমবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক রুহুল আমিনের আদালতে সত্যজিতের দুটি মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।