ফরিদপুরে মহাসড়ক অবরোধ, হঠাৎ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি বাসের চালক ও তাঁর সহকারীদের মারধরকে কেন্দ্র করে হঠাৎ বাস ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। এর আগে মারধরের প্রতিবাদে পরিবহন-শ্রমিকেরা ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ ঘটনায় বাসশ্রমিকদের পক্ষ থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ফরিদপুর থেকে বোয়ালমারী যাওয়ার পথে শাহরিয়ার পরিবহনের একটি বাসের চালকের সহকারীর সঙ্গে কয়েকজন যাত্রীর বচসা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বাসটি বোয়ালমারী থেকে ফরিদপুর আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী থানার মাঝকান্দিতে পৌঁছালে সংঘবদ্ধ জনতা ওই বাসের চালক ও তাঁর সহকারীদের ওপর চড়াও হয়। তারা চালক সাইফুল ও জাহাঙ্গীর হোসেনসহ চালকের দুজন সহকারীকে মারধর করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার পর বেলা ১১টার দিকে বাসটি ঢাকা-খুলনা মহাসড়কে আড়াআড়িভাবে রেখে শ্রমিকেরা সড়ক অবরোধ শুরু করেন। এর ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। ঘণ্টা খানেক পর মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান। তিনি বলেন, মামলা নেওয়ার এক ঘণ্টা পর বাসশ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।এদিকে শ্রমিকনেতারা ফরিদপুর বাসস্ট্যান্ডে এলে সাধারণ শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা এ মারপিটের ঘটনায় প্রধান অভিযুক্ত বাবুল মিজিকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর জেলার সব পথে যানবাহন চলাচল বন্ধ করে দেন।