ফরিদপুর শহরের গোয়ালচামটের শ্রীঅঙ্গন এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে গতকাল রোববার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ভাড়ায় চলা মাইক্রোবাস-প্রাইভেট কারের মালিক, চালক ও শ্রমিকেরা। এ সময় তাঁরা ১০টি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় দুই পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেট কারের এক চালককে হত্যার প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করেন। কোতোয়ালি থানার সূত্র জানায়, গতকাল ফরিদপুরের সদরপুর এলাকার চরদাড়িয়া কৃষ্ণপুর গ্রামের ভূবনেশ্বর নদীর একটি খাল থেকে গাড়িচালক মিরাজের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মিরাজের গলায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ফাঁস লাগানো ছিল।মিরাজের লাশ উদ্ধারের পর মালিক, চালক ও শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ জানান, মিরাজের লাশ উদ্ধারের পর উপস্থিত মাইক্রোবাসের চালক ও চালকের সহকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পার্থকে পুলিশের সামনেই মারধর করেন। এসআই জানান, আহত পার্থকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ মাইক্রোবাস চালক, মালিক ও শ্রমিকেরা বিকেল পাঁচটার দিকে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। তাঁরা জানান, বিক্ষোভকারীরা চারটি যাত্রীবাহী বাসসহ ১০টি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে র্যাব ফরিদপুর ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে দাঙ্গা পুলিশের একটি দলও তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ ও র্যাবের ওপর ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনির ও শহর উপপরিদর্শক (টিএসআই) তপন দেবনাথ আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একপর্যায়ে পুলিশ ও র্যাব বিক্ষোভকারীদের লাঠিপেটা করে। এতে ১৮ জন শ্রমিক ও সাধারণ মানুষ আহত হন। এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিদের শহরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের চালক শহরের খোদা বক্স রোড এলাকার চুন্নু শেখ (২৫) ও চালকের সহকারী শ্রীঅঙ্গন এলাকার নাজমুলকে (১৮) গ্রেপ্তার করেছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনিসুর রহমান জানান, মাইক্রোবাস চালক-মালিক-শ্রমিকেরা মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। এ কারণে পুলিশ মৃদু লাঠিপেটা করেছে।জানা গেছে, শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মো. মিরাজ (২৩) নামের এক গাড়িচালক গত শুক্রবার প্রাইভেট কার নিয়ে ভাড়ায় ঢাকার উদ্দেশে রওনা হন। শহরের কমলাপুর এলাকার পার্থ নামের এক ব্যক্তি গাড়িটি ভাড়া নিয়েছিলেন। শনিবার তাঁর ফিরে আসার কথা ছিল। কিন্তু শনিবার রাতেও মিরাজ ফিরে না আসায় মাইক্রোবাস-প্রাইভেট কার মালিক সমিতির নেতারা বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানাকে অবহিত করেন।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, শনিবার গভীর রাতে গাড়ির ভাড়াকারী পার্থর মুঠোফোন ট্র্যাক করে জানা যায়, তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে অবস্থান করছেন।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলালুদ্দীন জানান, লৌহজং পুলিশের সহায়তায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ গতকাল রোববার সকালে মাওয়া ঘাট থেকে মিরাজের চালানো গাড়িসহ পার্থকে গ্রেপ্তার করে।ফরিদপুর রেন্ট-এ-কার মালিক সমিতির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, গত তিন বছরে মিরাজসহ আটজন চালক গাড়িসহ নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবার গাড়ি উদ্ধার ও ঘাতককে গ্রেপ্তার করা হলেও সাতটি গাড়ি উদ্ধার করা সম্ভব হয়নি। কোনো আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। এ কারণে চালক-শ্রমিকেরা ক্ষুব্ধ।