ফরিদপুরে মা-মেয়েসহ ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
টাঙ্গাইল শহর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল বৃহস্পতিবার নয়জন নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় বুধবার সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সাত জেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: জয়পুরহাটগামী একটি বাস গতকাল ভোরে টাঙ্গাইল শহর বাইপাস এলাকার দরুনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের পাঁচ যাত্রী নিহত ও ২০ জন আহত হন। নিহতরা হলেন জয়পুরহাট সদরের রঞ্জু, পাঁচবিবির মহীপুর গ্রামের মঞ্জুর আহমেদ, হাকিমপুরের বইগ্রামের এনামুল হক ও নওগাঁ সদর উপজেলার লস্করপুর গ্রামের বাবুল আখতার। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালায় গতকাল দুপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন অটোরিকশার চালক মো. সালেক মিয়া, যাত্রী মারফত আলী, মো. শাহিন মিয়া ও অজ্ঞাতনামা শিশু। ফরিদপুর: ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় গতকাল মাইক্রোবাসের চাপায় মজিবর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই উপজেলার মালিগ্রাম বাজারের কাছে বুধবার ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা আক্তার ও তাঁর মেয়ে পুষ্পিতা এবং বরগুনার ঈশানবাড়িয়া গ্রামের মাসুদ মিয়া নিহত হন।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): উপজেলার সত্যপীর দরগাহ গেটের সামনে বুধবার বাসচাপায় লাইলা খাতুন নামের (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার মথুরাপুর দক্ষিণ গোবরগাড়া সড়কে গতকাল নসিমনের ধাক্কায় রজনী খাতুননামের এক শিশু নিহত হয়েছে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-পাবনা সড়কের হাটিকুমরুলে বুধবার একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের আরোহী সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী গ্রামের শাহাদত হোসেন নিহত হন। হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টোল প্লাজার সামনে বুধবার যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী হাজীগঞ্জ পৌর এলাকার শাহাদাত হোসেন নিহত হন। নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বুধবার তেলবাহী ট্যাংকলরির চাপায় মনিরা নামের এক কিশোরী নিহত হয়েছে।ভৈরব (কিশোরগঞ্জ): গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডের কাছে বাসচাপায় আতর মিয়া নামের (৪৫) এক ব্যবসায়ী নিহত হয়েছেন।ঝিনাইদহ: গতকাল দুপুরে মহেশপুর-ভৈরবা সড়কের নোয়ানীপাড়ায় মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত একটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের যুগিহুদা গ্রামের আবুল কালাম ও নরসিংদীর গাবতলী এলাকার জাহাঙ্গীর হোসেন নিহত হন।