ফরিদপুরে মাদকাসক্ত ছেলের শাস্তি চেয়ে র‍্যাবের কাছে মায়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের আবেদনে সাড়া দিয়ে মাদকাসক্ত ছেলে রাসেলকে আটক করে র‍্যাব। ছবি: প্রথম আলো
মায়ের আবেদনে সাড়া দিয়ে মাদকাসক্ত ছেলে রাসেলকে আটক করে র‍্যাব। ছবি: প্রথম আলো

মাদকাসক্ত ছেলে রাসেল মণ্ডলের (২৭) হাত থেকে নিজ পরিবারকে রক্ষা করার জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৮) কাছে আবেদন জানিয়েছেন ফরিদপুরের এক মা। ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা ওই মা তাঁর আবেদনে নেশাগ্রস্ত ছেলের ১২টি অপরাধের কথা তুলে ধরেন।

‘সবচেয়ে বড় সত্য আমি গর্ভধারিণী মা বলছি’—এভাবে নিজের অবস্থান জানান দিয়ে ছেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ওই মা।

এ আবেদনে সাড়া দিয়ে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের গোয়ালচামট মহল্লার বেতুয়াবাড়ী সড়কের একটি বাড়ি থেকে রাসেল মণ্ডলকে আটক করে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। আটকের সময় তাঁর কাছ থেকে ৪৮টি ইয়াবা জব্দ করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক।

পারভেজ মল্লিক বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) ১৯ (১)-এর টেবিলের ৯ (ক) ধারা মোতাবেক রাসেল মণ্ডলকে (২৭) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁর কাছ থেকে জব্দ করা ইয়াবা পুড়িয়ে ধ্বংস করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, রাসেল মণ্ডল একজন পেশাদার মাদকসেবী। তাঁর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নেশার টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন সময় চুরি ও ডাকাতিতে জড়িয়ে পড়েন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় রাসেল প্রায়ই নেশাগ্রস্ত হয়ে মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের গায়ে হাত তুলতেন।
তিনি জানান, রাসেল মণ্ডলের বাবা বরিশালে সড়ক ও জনপথ বিভাগে কর্মরত। ছেলের নেশার টাকার জোগান দিতে গিয়ে তাঁর বাবা আজ সর্বস্বান্ত। সর্বশেষ গত ৪ মে নেশার টাকা না পেয়ে রাসেল অসুস্থ মা ও বোনকে বেধড়ক মারধর করেন। নেশাগ্রস্ত ছেলের নির্যাতন থেকে ওই মা র‍্যাব-৮-এর কাছে লিখিত অভিযোগ করেন।