পুলিশ গত সোমবার ফরিদপুরের একটি যৌনপল্লি থেকে এক কিশোরীকে উদ্ধার ও যৌনপল্লির সর্দারনি মমতাজ বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০১১-এর আওতায় একটি মামলা করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মানব পাচার অধ্যাদেশটি কার্যকর হওয়ার পর এটিই ফরিদপুরে দায়ের করা প্রথম মামলা।লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ১৪ বছরের এক কিশোরী ছয় মাস আগে ঢাকায় চাকরির সন্ধানে গিয়ে নিখোঁজ হয়। সম্প্রতি ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লিতে ওই কিশোরীর সন্ধান পেয়ে তার মামা বিষয়টি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্যদের জানান।সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই কিশোরীর মামা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা দিপ্তী বল, সমন্বয়কারী মো. সোহেল রানাসহ কোতোয়ালি থানার পুলিশ রথখোলা যৌনপল্লিতে অভিযান চালান।দিপ্তী বল জানান, ওই যৌনপল্লির এপোলো বিশ্বাসের দুই নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষ তল্লাশি করে সর্দারনি মমতাজ বেগমের জিম্মা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে।উদ্ধার হওয়া কিশোরী বলে, ‘ছয় মাস আগে আমি কাজের সন্ধানে ঢাকা যাই। সেখানে এক মহিলার সঙ্গে পরিচয় হয়। কিছুদিন পর ওই মহিলা আমাকে ফরিদপুরে এনে বিক্রি করে দেন।’সর্দারনি মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘গত রোজার মাসের দুই-তিন তারিখ এক মহিলা মুঠোফোনে আমার সঙ্গে যোগাযোগ করে এবং একটি কিশোরীকে বিক্রির প্রস্তাব দেয়। তার মাধ্যমে আমি ১০ হাজার টাকায় ওই কিশোরীকে কিনে নিই।’ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া কিশোরীর মামা বাদী হয়ে গত সোমবার রাতে একটি মামলা করেছেন। মমতাজ বেগমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল তাঁকে জেলার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।