ফরিদপুরে মামলার বাদীকে অপহরণ, পরে উদ্ধার
ফরিদপুরে আদালত এলাকা থেকে একটি মামলার বাদী ফয়সাল চৌধুরীকে গত বুধবার অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এক ঘণ্টা পর শহরের আলীপুর এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের জুয়েল চৌধুরী জানান, চারজনকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য গোপালগঞ্জের ফাতেমা বেগমের কাছে ১০ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু ফাতেমা তাঁদের সিঙ্গাপুর নিতে ব্যর্থ হলে তিনি টাকার জন্য তাঁকে চাপ দেন। একপর্যায়ে ফাতেমা তাঁকে সোনালী ব্যাংক, ভাঙ্গা শাখার নয় লাখ ৭৫ হাজার টাকার একটি চেক দেন। কিন্তু ওই চেক ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় গত ২১ মার্চ তাঁর ভাই ফয়সাল ফরিদপুরের আদালতে ফাতেমা বেগম (৪৫), তাঁর স্বামী আবদুল জব্বার (৫০) ও ছেলে ফতে আলী শেখের (১৯) নামে মামলা করেন। বুধবার হাজিরা দিলে আদালত ফতেকে কারাগারে পাঠান ও অন্তঃসত্ত্বা থাকায় ১০ হাজার টাকার জামিননামায় ফাতেমাকে জামিন দেন।ফয়সাল অভিযোগ করেন, কিশোরগঞ্জ যাওয়ার জন্য তিনি একটি অটোরিকশায় ফরিদপুর বাসস্ট্যান্ডের দিকে রওনা দিলে সন্ত্রাসীরা রাস্তা থেকে তাঁকে অপহরণ ও মারধর করে এবং প্রত্যাখ্যাত চেকটি ছিনিয়ে নিয়ে একটি সাদা স্ট্যাম্পে তাঁর সই নেয়। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে।’