ফরিদপুরে মারা পড়েছে ৩৫ গোখরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গার মালোপাড়ার একটি ঘর থেকে ৩৫টি গোখরা সাপ মারা হয়েছে। এ ছাড়া রাজশাহীর পবা উপজেলার তেঁতুলিয়ার এক বাড়ি থেকে ধরা হয়েছে আটটি গোখরা। এ নিয়ে উপজেলার দুটি বাড়ি থেকে তিন দিনে ২৯টি গোখরা ধরা হয়েছে।

আলফাডাঙ্গার মালোপাড়ার বাসিন্দা নীল রতন বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে তাঁর শোবার ঘরের পাশে আনুমানিক আড়াই হাত লম্বা একটি গোখরা দেখতে পেয়ে সেটি মেরে ফেলা হয়। রাতেই ঘরে আরও তিনটি সাপের বাচ্চা পাওয়া যায়। পরের দিন শুক্রবার সকালে প্রতিবেশীরা মাটি খুঁড়ে ৩১টি গোখরার বাচ্চা মেরে ফেলে।

রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় সাপ দেখা যাচ্ছে। অধিকাংশ সাপ মেরে ফেলা হচ্ছে। এগুলো জীবিত উদ্ধারে বেসরকারিভাবে কিছু কাজ শুরু হয়েছে। পবার আফিনেপালপাড়ার বোরহান বিশ্বাস তাঁর প্রতিষ্ঠিত ‘স্নেইক রেসকিউ অ্যান্ড কনজারভেশন সেন্টার’-এর পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছেন। সর্বশেষ গতকাল সকালে উপজেলার তেঁতুলিয়া গ্রামের আবদুল মান্নানের বাড়ি থেকে আটটি গোখরা জীবিত উদ্ধার করে তাঁর সংগঠন। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার আরও দুই গৃহস্থের বাড়ি থেকে ২৩টি গোখরা জীবিত উদ্ধার করা হয়। সাপগুলো কনজারভেশন সেন্টারে রাখা হচ্ছে। বোরহান জানান, পরে সাপগুলো অবমুক্ত করা হবে।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাপ জীবিত উদ্ধারের জন্য তাদের কোনো কর্মী নেই। রাজশাহী চিড়িয়াখানাতেও সাপ রাখার ব্যবস্থা নেই।