ফরিদপুরে মাসব্যাপী জসীম পল্লিমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গতকাল শুক্রবার থেকে ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী জসীম পল্লিমেলা।
সন্ধ্যায় উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়ি-সংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানের জসীম মঞ্চে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন। শিগগিরই জসীম স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হবে। ওই সংগ্রহশালায় আমাদের হাজার বছরের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হবে। সংগ্রহশালায় কবির জীবন ও কর্মের ওপর গবেষণা করার সুযোগ থাকবে। পাশাপাশি এটি এ এলাকার একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত হবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কুমার নদ খননকাজ শুরু হবে কবির বাড়ির সামনে থেকেই।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার, ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন, কবিপুত্র জামাল আনোয়ার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, সংস্কৃতিকর্মী আসমা আক্তার প্রমুখ।
উদ্বোধনের পরপরই মেলার ১৬৫টি স্টলে গ্রামীণ ঐতিহ্যের নানা রকম পসরাসহ কারু ও চারু এবং হস্তশিল্পসামগ্রী বিক্রি ও প্রদর্শনী শুরু হয়েছে। পাশাপাশি রয়েছে সার্কাস, পুতুলনাচ, শিশুদের ট্রেন, মোটরসাইকেল খেলা, নাগরদোলা।
জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে জসীম মঞ্চে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে গভীর রাত অবধি।