ফরিদপুরে মিরাজুল শেখের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর কারাগারে গত বুধবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে মিরাজুল শেখ নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে তাঁর এ সাজা কার্যকর করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে কারা কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সে মিরাজুলের লাশ সদরের পশ্চিম কাফুরা গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। জানাজা শেষে সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারেও বুধবার রাত ১২টা এক মিনিটে নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামের বক্কর আলী (৪২) নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। ফরিদপুর কারাগার সূত্র জানায়, মিরাজুলকে বিকেল চারটায় ভাত, খাসির মাংস, সবজি ও ডাল খেতে দেওয়া হয়। বুধবার বিকেল পাঁচটার দিকে মিরাজুলের সঙ্গে দেখা করতে আসেন তাঁর বাবা আবদুল শেখ, মা মনোয়ারা বেগম ও তিন ভাইসহ ১২ জন আত্মীয়। তাঁদের আধা ঘণ্টা সময় দেওয়া হয়। মিরাজুল অনুমান করেন, তাঁর দিন ফুরিয়ে এসেছে। তিনি বাবা-মায়ের কাছে ক্ষমা চান।রাত নয়টার দিকে জেলখানা মসজিদের ইমাম হাফেজ আবদুস সালাম মিরাজুলকে গোসল করাতে, কলমা ও তওবা পড়াতে এলে মিরাজুল কান্নায় ভেঙে পড়েন। মিরাজুলকে ফাঁসি দেওয়ার জন্য গত ৯ সেপ্টেম্বর কাশিমবাজার কারাগার থেকে অভিজ্ঞ জল্লাদ হাফিজুরকে আনা হয়। দুজন কারারক্ষী মিরাজুলকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যান। রাত ১২টা পাঁচ মিনিটে তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়। প্রসঙ্গত, মিরাজুল বিয়ের মাত্র ২১ দিনের মাথায় ২০০২ সালের ২৩ অক্টোবর তাঁর স্ত্রী শেফালী বেগমকে পুড়িয়ে হত্যা করেন। রাজশাহী কারাগারের কারাধ্যক্ষ ফারুক আহমেদ জানান, বক্কর ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি তাঁর স্ত্রীকে জবাই করেন। এ ঘটনায় করা মামলার শুনানি শেষে নাটোরের অতিরিক্ত নারী ও শিশু বিশেষ আদালত ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি বক্করের ফাঁসির আদেশ দেন। এরপর উচ্চ আদালত এ আদেশ বহাল রাখেন। সর্বশেষ রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার সকালে বক্করের লাশ তাঁর বড় ভাই নজরুল ইসলাম কেন্দ্রীয় কারাগার থেকে গ্রহণ করেন। লালপুরের পাইকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। [এই প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন লালপুর (নাটোর) প্রতিনিধি]