ফরিদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় নির্মিত মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ গত শুক্রবার দিবাগত রাতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তারা ভাস্কর্যের বড় একটি অংশ এবং ভাস্কর্যের বেদীর টাইলস ভেঙে ফেলে।
২০১২ সালে ১৪ লাখ টাকা ব্যয়ে ওই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ তদারকিতে ছিলেন ফুলসুতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ হোসেন। তিনি বলেন, ২০১২ সালের ২৬ মার্চ ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম বলেন, রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় নগরকান্দা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবদুর রশিদ বাদী হয়ে মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।