ফরিদপুরে মেডিকেল হাসপাতাল ক্যাম্পাসে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে এক তরুণকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের হাড়োকান্দি এলাকায় ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. শামীম (২১) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। নিহত আজিজুল হাকিম (১৮) হাড়োকান্দি এলাকার গাড়িচালক দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে। আজিজুলের পরিবারের সদস্যরা জানান, তাঁকে রাতে মুঠোফোনে ডেকে নেয় তাঁর বন্ধুরা। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের কাছে রিজার্ভ ট্যাংকির ওপর তাঁর লাশ পাওয়া যায়। তাঁর পিঠে ছুরিবিদ্ধ ছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মসিউর রহমানের ভাষ্যমতে, নিহত তরুণ ওই এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ছিনতাইয়ের ভাগ-বাঁটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে তিনি নিহত হতে পারেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বয়োবৃদ্ধ এক ব্যক্তি জানান, রাতে তিনি রিজার্ভ ট্যাংকির কাছে কয়েক তরুণকে দেখতে পান। তরুণেরা তাঁকে দেখে চলে যান। এ সময় সেখানে এক তরুণকে পড়ে থাকতে দেখে তিনি এলাকাবাসীকে খবর দেন।