ফরিদপুরে মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগের হুমকি
ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস খানকে হত্যার প্রচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা না হলে পৌর পরিষদের মেয়র ও সব কাউন্সিলর পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। গত বৃহস্পতিবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে তাঁরা এ হুমকি দেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদপুর পৌরসভার সামনে মানববন্ধন করা হয়। বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে মেয়র শেখ মাহাতাব আলী অভিযোগ করে বলেন, ‘পূর্ব খাবাসপুরের লঞ্চঘাট এলাকার মো. বরকত সরদার ও তার ভাই মো. হাবিব সরদার মাদক ও অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই ইদ্রিসের ওপর হামলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা মেয়র ও সকল কাউন্সিলর একসঙ্গে পদত্যাগ করব।’বরকত পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমি ইদ্রিসের ওপর হামলা চালাইনি। আমি মোটরসাইকেলে যাওয়ার সময় খাবাসপুর মোড়ে ইদ্রিস লোকজন নিয়ে মোটরসাইকেল আটকিয়ে আমাকে বেদম প্রহার করে। একপর্যায়ে আমার দুই চোখ খুঁচিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়।’ ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আলিমুজ্জামান জানান, এ ব্যাপারে ইদ্রিস বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেছেন।