ফরিদপুরে যত্রতত্র আবর্জনার স্তূপ

ফরিদপুর পৌরসভার বিভিন্ন সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। অন্তত পাঁচ দিন ধরে বর্জ্য পরিষ্কার করছে না পৌরসভা। দুর্গন্ধে নাকাল হচ্ছেন বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার পৌরসভার বিভিন্ন মহল্লা ঘুরে সড়কের পাশে স্থানে স্থানে ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বাজারের পাশে ময়লা স্তূপ করে রাখা হয়েছে। ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল আজিজ মিয়া প্রথম আলোকে বলেন, এ বাজার এলাকায় আস্তাকুঁড় (ডাস্টবিন) নেই। এ কারণে রাস্তার পাশে ময়লা ফেলা হয়। বাজারের আবর্জনা ছাড়াও হোটেল ও ক্লিনিকের বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এগুলো পচে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। দম বন্ধ হয়ে আসে।
ওষুধের দোকান মারুফ মেডিকেলের মালিক সাইদ মিয়া বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় না। কুকুরে ময়লার স্তূপ ঘাঁটে। এতে বেশি করে দুর্গন্ধ ছড়াচ্ছে।
একই এলাকার মিয়াপাড়া সড়কে দেখা গেছে, একটি ভাঙা আস্তাকুঁড় উপচে ময়লা রাস্তার ওপর চলে এসেছে। পুরোনো বাসস্ট্যান্ডের পাশে পৌর কমিউনিটি হলের সামনে কোনো আস্তাকুঁড় নেই। ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার পাশে। একই অবস্থা ভাঙ্গা রাস্তার মোড় এলাকায়। সেখানে খুচরা যন্ত্রাংশের দোকানদার পিনু মিয়া বলেন, ‘পৌরসভা দিনের পর দিন ময়লা পরিষ্কার করে না। দুর্গন্ধে টেকা যায় না। আমি মেয়রকে অনুরোধ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
গোয়ালচামট আমিন মিয়ার পেট্রলপাম্পের সামনে রাস্তার ওপর ময়লা ফেলা হচ্ছে। এই এলাকার দোকানদার দিনু মিয়া বলেন, সামনেই পশু হাসপাতালের কাছে আস্তাকুঁড় আছে। কিন্তু সেখানে না ফেলে ময়লা ফেলা হয় রাস্তায়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের সামনে আস্তাকুঁড় উপচে ময়লা রাস্তায় এসে পড়েছে। আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে কোনো আস্তাকুঁড় নেই। কিন্তু ময়লা ফেলা হয়। এই এলাকার দোকানদার শেখ জাহিদ বলেন, ‘ময়লা-আবর্জনা পরিষ্কার না করলে আমরা দুর্গন্ধে টিকব কী করে?’
ঝিলটুলী এলাকার তিনটি আস্তাকুঁড় ময়লা-আবর্জনায় ভরে আছে। সেখান থেকে উপচে ময়লা রাস্তায় এসে পড়ছে। একই সমস্যা দেখা গেছে পশ্চিম আলীপুর খন্দকার লস, রথখোলা ট্রাফিক ব্যারাক, সারদা সুন্দরী কলেজের সামনে, সোনালী ব্যাংকের সামনে ও দক্ষিণ ঝিলটুলী এলাকায় ইলিয়াসের গ্যারেজের সামনে। একই অবস্থা ঝিলটুলী ঝিলের পাড়ে। এই এলাকার বাসিন্দা আজাদ শেখ বলেন, ‘দুর্গন্ধের ঠেলায় বাড়ির মধ্যেও টিকতে পারি না।’
পূর্ব খাবাসপুর মোড়ের অবস্থার বর্ণনা দিয়ে গৃহবধূ বিউটি বেগম বলেন, ‘প্রতিদিন সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়। তখন এই মোড়টি পার হতে দুর্ভোগের মুখে পড়তে হয়। নাকেমুখে কাপড় গুঁজেও দুর্গন্ধ থেকে রক্ষা পাই না।’
গতকাল দুপুরে পৌর মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘শহর থেকে অনেক ডাস্টবিন তুলে ফেলা হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে ঘরে ঘরে গিয়ে ময়লা সংগ্রহের। তারপরও পৌরবাসী আগের জায়গাতেই ময়লা ফেলছেন। এতে সমস্যা হচ্ছে। এ ছাড়া ময়লা পরিষ্কারের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা বিভিন্ন সময় কাজে অবহেলা করায় তাদের চুক্তি বাতিল করা হয়েছে। নতুন একটি প্রতিষ্ঠান খুঁজছি। আশা করি, খুব শিগগির এই সমস্যার সমাধান হয়ে যাবে।’