ফরিদপুরে যাত্রীবাহী ভ্যান ও সুতাভর্তি ট্রাক খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সুতাবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি রিকশাভ্যান খাদে উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজনের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গতকাল সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কে মানিকনগর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বরিশালগামী ওই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-০৯১২) সেতুর কাছে এলে এর সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তালমাগামী যাত্রীবাহী ওই রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। ট্রাকটির সঙ্গে রিকশাভ্যানটিও খাদে উল্টে পড়ে।
রিকশাভ্যানটিতে পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকচাপা পড়া দুজনের মৃতদেহ উদ্ধার করে। সন্ধ্যার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছিল।
নিহত ব্যক্তিরা হলেন মানিকনগর গ্রামের খোরশেদ মীরের ছেলে দিলীপ মীর (৪৫) ও একই গ্রামের গনি মোল্লার ছেলে ফজলু মোল্লা (৪০)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি সরানো হলে আরও মৃতদেহ উদ্ধার হতে পারে।
বাসচাপায় নিহত ১: ফরিদপুরে একই দিন বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মো. শাহজাহান মিয়া (৫২) নামের এক শ্রমিক। এ সময় তাঁর সঙ্গে থাকা ছেলে সোমাজুল (২০) আহত হন।
গতকাল সকাল ১০টার দিকে ওই মহাসড়কের ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের মহিলা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সানপুর গ্রামে। তাঁরা ফরিদপুরে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।