ফরিদপুরে যুবদলের বিরোধ প্রকাশ্য
ফরিদপুর যুবদলে বিরোধ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার যুবদলের ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে শোকযাত্রা বের করা হয়েছে, তা নিয়ে দলের মধ্যে বিরোধ প্রকাশিত হয়ে পড়েছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের নামে গত বৃহস্পতিবারের শোকযাত্রার মাইকিং গত মঙ্গলবার থেকে শহরে শুরু হয়।জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রশিদ গত বুধবার পুলিশ সুপারের কাছে দলীয় প্যাডে জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে কে বা কারা মাইকিং করা প্রসঙ্গে একটি চিঠি দেন। তাতে তিনি জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের কর্মসূচি গত ৩০ মে সকাল ১১টায় পৌর মিলনায়তনে শেষ হয়েছে। যারা শোকযাত্রা করার জন্য মাইকিং করছে, তারা যুবদলের কেউ নয়। এ বিষয়ে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকও আবগত নন।এদিকে গতকাল বেলা ১১টায় শহরের লাক্সারি হোটেলের সামনে থেকে যুবদলের নামে শোকযাত্রা বের হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ শোকযাত্রায় সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় আকারের ডিজিটাল ছবি বহন করা হয়। শোকযাত্রা শুরুর আগে জেলা যুবদলের সহসভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মাহাবুবুল হাসান ভূইয়া, জেলা বিএনপির সহসভাপতি এ কে এম কাইউম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ কে কিবরিয়া, বেনজীর আহমেদ প্রমুখ। এ শোকযাত্রা শেষ হওয়ার পর জেলা যুবদলের নামে আতাউর রশিদের সমর্থনে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের কাঠপট্টি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংকের মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। মিছিলকারীরা মাহাবুবুল হাসান ও আফজাল হোসেন খানকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিল শেষে যুবদলের সদস্য মো. হাকিমের সভাপতিত্বে বক্তব্য দেন যুবদল সদস্য আবু সাঈদ ও রেজাউল হোসেন।