ফরিদপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় মফিজুর রহমান (৩০) নামের এক যুবলীগের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল শনিবার সকালে গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের দিঘিরপাড় এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মফিজুর গেরদা ইউনিয়ন যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক বলে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাসদ মিয়া নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই স্থানে মফিজুরের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠায়। মফিজুর গেরদা গ্রামের ফিরোজ মুন্সির ছেলে।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত গোলদার বলেন, লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মফিজুরকে গুলি করে হত্যা করা হয়েছে। মফিজুরের বাবা ফিরোজ মুন্সি জানান, শুক্রবার রাত আটটার দিকে মফিজুর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল বিকেল চারটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত মফিজুর গেরদা গ্রামের মো. সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল দুপুরে মীর মাফিক হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।