ফরিদপুরে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ড
ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর গ্রামে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজে গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, গুদামের একটি ইউনিটে মজুত ৬০ হাজার টন পাট ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে মিলের উত্তর দিকের ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন অন্য ইউনিটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট—বোয়ালমারীর একটি এবং পার্শ্ববর্তী রাজবাড়ী থেকে দুইটি ইউনিটসহ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার প্রজেক্ট ইনচার্জ আবদুর সাত্তার হোসাইন বলেন, আগুনে শেডসহ পাটের গুদাম ও আশপাশের সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।