ফরিদপুরে রাস্তা আটকে শ্রমমন্ত্রীর জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার হঠাৎ বাজার এলাকায় গতকাল শনিবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের গুরুত্বপূর্ণ ‘গোয়ালন্দ-তাড়াইল’ সড়কে বানানো হচ্ছিল মঞ্চ।অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বেলা দেড়টার দিকে এলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ওই সড়ক। জনসভা চলে বেলা তিনটা পর্যন্ত। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফরিদপুরের টেপাখোলা থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী বাসগুলো ওই পথ দিয়ে যাতায়াত করে। জনসভার কারণে ওই বাসগুলোকে সকাল থেকে বিকেল পর্যন্ত মোমিন খাঁর হাট হয়ে যেতে হয়। বাসগুলো নির্ধারিত পথে যেতে না পেরে গোয়ালন্দ স্টেশনের যাত্রীদের গোয়ালন্দ বাজার এলাকায় নামিয়ে দেয়। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। জনসভার রাস্তার দুই পাশে আটকে পড়ে অনেক মাইক্রোবাস, নছিমন, অটোরিকশা ও ইজিবাইক।‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির’ উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ওই জনসভার আয়োজন করা হলেও শ্রমমন্ত্রী তাঁর বক্তব্যে আগামী নির্বাচনের প্রচার শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, ‘কোনো এলাকার উন্নয়নে অন্তত ১০ বছর সময় প্রয়োজন। সে লক্ষ্য সামনে রেখে আমি আজ এ জনসভা থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করে দিলাম।’শ্রমমন্ত্রী বলেন, ‘আমি একজন প্রভাবশালী মন্ত্রী; যখন যা প্রয়োজন, তা আনতে পারি। বর্তমানে এলাকায় সন্ত্রাস না থাকায় চরবাসী নির্বিঘ্নে টাকা নিয়ে বাড়ি যেতে পারছে।’‘আজ চর এলাকায় যে পরিমাণ রাস্তা নির্মিত হচ্ছে তাতে এলাকার জমির দাম বেড়ে যাবে’ বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি রসিকতা করে বলেন, ‘জমির দাম বাড়লে তখন আমাকে দলিলের পয়সা দিতে হবে।’শ্রমমন্ত্রী বিএনপির রোর্ডমার্চের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পিকনিকের গাড়ি দেখে উৎফুল্ল হবেন না। ওখানে উন্নয়নের ছিটেফোঁটা ও গঠনমূলক কিছু নেই।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন, খন্দকার মোহতেশাম হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান প্রমুখ।জনসভা শেষ হওয়ার আগে শ্রমমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ জনসভার জন্য সকাল থেকেই রাস্তাটি আটকে রাখা হয়েছে। এ জন্য অনেককে দুর্ভোগ তথা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সাময়িক এ ভোগান্তির জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’