ফরিদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ফরিদপুরের ভাঙ্গায় গতকাল বুধবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইমদাদ ফকির ওরফে ইমদা (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামে মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমান কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে। পুলিশের ভাষ্য, ইমদা আন্তজেলা ডাকাত দলের সদস্য।র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক ওলি-য়ূর-রাশিদের ভাষ্যমতে, তাঁরা খবর পান ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির জন্য আন্তজেলা ডাকাত দলের কয়েকজন সদস্য প্রস্তুতি নিচ্ছে। পরে ভাঙ্গা থানার পুলিশের সহায়তায় র্যাবের একটি দল ওই কলেজ ক্যাম্পাসে অভিযান চালায়। এ সময় ডাকাতেরা র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব ও পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে ডাকাতেরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। উপস্থিত জনতা লাশটি ইমদার বলে শনাক্ত করে। ওলি-য়ূর-রাশিদ জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি গুলি, তিনটি রামদা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় তিনটি মামলা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ইমদার বিরুদ্ধে রাজৈর, মাদারীপুর, শিবচর ও খুলনার খালিশপুরসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।পান্না বাহিনীর প্রধান গ্রেপ্তার: আমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থেকে গতকাল মিনহাজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, মিনহাজ উপজেলার চরাঞ্চলের সন্ত্রাসী দল ‘পান্না বাহিনীর’ বর্তমান প্রধান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আটটি গুলিসহ একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।