ফরিদপুরে লিচু খেয়ে পাঁচজন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিচু খেয়ে মা ও সন্তানসহ এক পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। লিচুতে ক্ষতিকর রাসায়নিক ছিল বলে চিকিৎসকেরা আশঙ্কা করছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিলকিস বেগম (৩২) জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তাঁরা বাজার থেকে কিনে আনা লিচু খান। এর পর থেকেই তাঁরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। শনিবার সকাল থেকেই বমি শুরু হয়। পরে প্রতিবেশীরা তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অন্যরা হলেন বিলকিসের মেয়ে নিলা (১৬), শীলা (১০), ছেলে ফাহাদ (৩) ও বিলকিসের মা আমেনা বেগম (৬০)। এর মধ্যে ফাহাদ ও শীলার অবস্থা গুরুতর। গতকাল বিকেল পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি। ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদ বলেছেন, সবাই লিচু খেয়ে অসুস্থ হয়েছেন। লিচুতে ফরমালিন বা কার্বাইড জাতীয় ক্ষতিকর রাসায়নিকের কারণে এ ঘটনা ঘটতে পারে। অসুস্থদের মধ্যে নিপাহ ভাইরাসজনিত কোনো লক্ষণ দেখা যায়নি। তাঁরা সবাই শঙ্কামুক্ত।