ফরিদপুরে লোকবল সংকটে চালু হচ্ছে না একটি বিদ্যুৎ উপকেন্দ্র
নির্মাণকাজ শেষ করার প্রায় দুই মাস পরেও ফরিদপুর সদরের হড়ুকান্দি এলাকার ৩৩/১১ কেভি উপকেন্দ্রটি চালু করা যায়নি। কর্মচারীসংকটে এ কেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না বলে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ফরিদপুর জেলা শাখা সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ শহর বিদ্যুৎ বিতরণ প্রকল্পের আওতায় ফরিদপুর শহরের হাড়ুকান্দিতে ৫৬ শতাংশ জমির ওপর ১১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এ উপকেন্দ্রটি নির্মাণ করা হয়। ২০০৫ সালে এ প্রকল্পটি অনুমোদন করা হয় এবং ২০০৭ সালে এর অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়। তার টানানোসহ অন্যান্য কাজ শেষ হয় গত ৩০ জুন।এ কেন্দ্রটি চালু হলে ফরিদপুর শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা বর্তমানে তিনটির জায়গায় চারটি উপকেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। এতে অন্যান্য উপকেন্দ্রের ওপর চাপ কম পড়বে এবং লোডশেডিং কম হবে। ওজোপাডিকোর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ-২) আ. কুদ্দুস মোল্লা জানান, নির্মাণাধীন উপকেন্দ্রটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। একই সঙ্গে এটি চালু করতে হলে চারজন এসবিএ (সুইচ বোর্ড অ্যাটেন্ডডেন্ট) ও চারজন নৈশপ্রহরী প্রয়োজন। এ আট জনকে নিয়োগ দেওয়ার জন্য গত সপ্তাহে ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। নতুন লোক নিয়োগ না করা পর্যন্ত উপকেন্দ্রটি চালু করা সম্ভব নয়।পাঁচ শহর বিদ্যুৎ বিতরণ প্রকল্পের পরিচালক শরিফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে নতুন লোক নিয়োগ দেওয়া সম্ভব নয়। কোম্পানির কর্মচারীদের পুনরায় বিন্যাস করে উপকেন্দ্রটি চালু করা হবে।