ফরিদপুরে শহর রক্ষা বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মোহামঞ্চদপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর রক্ষা বাঁধ ধসে ৫৫টি দোকান ও একটি বসতবাড়ি দেবে গেছে। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মোহামঞ্চদপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর রক্ষা বাঁধ ধসে ৫৫টি দোকান ও একটি বসতবাড়ি দেবে গেছে। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের মোহামঞ্চদপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর রক্ষা বাঁধ ধসে ৫৫টি দোকান ও একটি বসতবাড়ি ১৫ থেকে ২০ ফুট দেবে গেছে।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, মোহাম্মদপুর বাজার এলাকায় পাউবোর শহর রক্ষা বাঁধের উত্তর পাশের প্রায় ৭০০ ফুট ধসে গেছে। বাজারের ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা জানান, গত তিন দিনে সড়কের উত্তর পাশের ৫৫টি দোকান ও একটি বাড়ি দেবে গেছে। ওই এলাকার ইখতিয়ার উদ্দিন বলেন, বুধবার বিকেল থেকে ধস সৃষ্টি হয়। এর পর থেকে থেমে থেমে ধসে পড়া অব্যাহত রয়েছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সর্বশেষ পাঁচটি দোকান ও ট্রাকচালক সাত্তার শেখের বাড়ি ভেঙে পড়ে।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ সরদার অভিযোগ করেন, গত শুকনো মৌসুমে এ সড়কটির সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদারেরা এক্সকাভেটর দিয়ে বেড়িবাঁধের উত্তর পাশের খাল থেকে মাটি কাটায় এ ধসের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদশা মিয়া বলেন, এক্সকাভেটর দিয়ে মাটি কাটার সময় এলাকাবাসী বাধা দিয়েছে। কিন্তু ঠিকাদারেরা পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে বলেছেন, উন্নয়নকাজে বাধা দেওয়ার পরিণতি ভালো হবে না।
ফরিদপুর সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুলাই মাসে ফরিদপুরের ভাঙ্গার তাড়াইল থেকে রাজবাড়ীর গোয়ালন্দ পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ মিয়া জেভি ৭৬ কোটি টাকার এ কাজ পায়। ২০১২ সালের জুনের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়ায় ২০১৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। এর পরও কাজ শেষ না হওয়ায় ২০১৪ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় জানান, বরাদ্দের টাকা ঠিকমতো না পাওয়ায় সড়কের উন্নয়নকাজ বিলম্বিত হচ্ছে। ইতিমধ্যে মাত্র ১২ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। তবে হাইওয়ে আইন অনুযায়ী সড়ক-মহাসড়কের উভয় পাশে ৩০ ফুটের মধ্যে গভীর গর্ত করে মাটি কাটা নিষিদ্ধ। তা ছাড়া সংস্কারকাজ শেষ না হওয়ায় সড়কের প্রতিরক্ষামূলক কাজ শুরু করা যায়নি।
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, খাল থেকে নিয়মবহির্ভূতভাবে বেশি গর্ত করে মাটি কাটায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সওজ বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।