ফরিদপুরে শহররক্ষা বাঁধের সাতটি স্থানে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালন্দ-তাড়াইল সড়ক নামে পরিচিত ফরিদপুর শহররক্ষা বাঁধের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে সাতটি ফাঁটলের অবস্থা ভয়াবহ।এলাকাবাসী জানান, ২১ থেকে ২৩ মে টানা বর্ষণের কারণে এসব ফাটল দেখা দিয়েছে। এর মধ্যেই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন।সরেজমিনে দেখা গেছে, আনন্দবাজার থেকে ফরিদপুর শহরের মদনখালী জলকপাট (স্লুইচগেট) পর্যন্ত ১২ কিলোমিটারের মধ্যে সড়কটির দুই পাশে ফাটলগুলোর সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সুড়ঙ্গ আকৃতির বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের কাছে সবচেয়ে বড় ফাটল দেখা দিয়েছে। সেখানে সড়কের পাকা অংশ ঘেঁষে ২৫ ফুট জায়গাব্যাপী ফাটলের সৃষ্টি হয়েছে। এর কাছে ১০ ফুট দৈর্ঘ্যের আরও একটি ফাটল দেখা দিয়েছে।ওই বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, ২১ থেকে ২৩ মে পর্যন্ত টানা বর্ষণের কারণে এই ফাটলের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় তিনি নিজ উদ্যোগে বাঁশের মাথায় লাল নিশান লাগিয়ে সড়কের পাশে টানিয়ে দিয়েছেন।চরমাধবদিয়ার হঠাৎবাজার এলাকার পশ্চিম-উত্তর পাশে আরও দুটি বড় আকারের ফাটলের সৃষ্টি হয়েছে। একটি ফাটলের কাছে একটি বৈদ্যুতিক খাম্বা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওই এলাকার বাসিন্দা মো. রাহাত হোসেন বলেন, বৃষ্টির সময় বাজার এলাকায় জমা হওয়া সব পানি সড়কের ওই জায়গা দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ফাটলের সৃষ্টি হয়ে সড়কের পাকা অংশ থেকে মাটি সরে গেছে। একই আকারের ফাটল রয়েছে ইশান গোপালপুর ইউনিয়নের আনন্দবাজার, কাচারির ট্যাক ও মাধবদিয়ার তালতলা এলাকায়।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ১৯৭৭-৭৮ অর্থবছরে পাউবো এই বাঁধ নির্মাণ করে। ২০১১ সালে ফরিদপুর সড়ক বিভাগ বাঁধটি চওড়া করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেয়। এলাকাবাসী জানান, এই সড়ক সংস্কার ও চওড়া করার জন্য ঠিকাদারেরা এক বছর ধরে খুঁড়ে রাস্তার দুই পাশে গর্ত করে রাখেন। পরবর্তীতে ওই গর্ত বালু ও খোয়া দিয়ে ভরাট করা হলেও কংক্রিটের ঢালাই দেওয়া হয়নি। এতে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন, বাঁধটি ধসে পড়লে বিপুলসংখ্যক মানুষ বিপদে পড়বে। অবিলম্বে ফাটলগুলো মেরামত করা প্রয়োজন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, বরাদ্দ না থাকা এবং ঠিকাদারের গাফিলতির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। কংক্রিটের ঢালাই দেওয়া হলে বাঁধটি এভাবে ক্ষতিগ্রস্ত হতো না। বিষয়টি সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেমকে জানানো হয়েছে। ফাটল রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।পাউবোর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, বাঁধটি চওড়া করে দেওয়ার জন্য সড়ক বিভাগকে অনুমতি দেওয়া হয়। বাঁধের কোনো ক্ষতি তাঁরা মেনে নেবেন না।