ফরিদপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
শঙ্কা ও সংশয় থাকলেও শেষ পর্যন্ত ফরিদপুরে ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ষষ্ঠ ও শেষ ধাপে নগরকান্দা উপজেলার নয়টি ও বোয়ালমারী উপজেলার একটি ইউপিতে ভোট গ্রহণ করা হয়।
স্থানীয় লোকজন জানান, নগরকান্দার নয়টি ইউপিতে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে জনমনে আশঙ্কা ছিল। গত বৃহস্পতিবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক চেয়ারম্যান প্রার্থীও আহত হন। তবে এসব ঘটনার প্রভাব পড়েনি গতকালের নির্বাচনে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের শংকরপাশা সরকারি মাদ্রাসা কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের তালিকায় ভোটার নম্বর কাটতে বাধা দেন। দ্রুত ভোট গ্রহণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে আপত্তি জানান পোলিং এজেন্টরা। পরে জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের হস্তক্ষেপে পোলিং এজেন্টরা তালিকায় ভোটারের নম্বর কাটার সুযোগ পান। একই ইউপির যদুরদিয়া পশ্চিমপাড়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাইরে যাওয়ার সময় এক ভোটারকে গ্রেপ্তার করে পুলিশ।