ফরিদপুরে শিবির কর্মী সন্দেহে ছয়জন আটক
ফরিদপুরে গোপনে সভা করার সময় ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল বাইক্ষির বনচাকী ফাজিল মাদ্রাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিবিরের কর্মীরা গোপনে সভা করে দেশ ও সরকারবিরোধী আলোচনা করছেন—এমন খবর পেয়ে এ অভিযান চালানো হয়। ওই মাদ্রাসার একটি কক্ষে ৭০-৮০ জন তরুণ সমবেত হয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান।
আটক তরুণেরা হলেন বোয়ালমারী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও বোয়ালমারী পৌর এলাকার শিবপুর মহল্লার আশিকুর রহমান (১৮), বাইক্ষির বনচাকী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ও পৌর এলাকার কামারগ্রাম মহল্লার কাজী ফয়সাল (১৮), আলফাডাঙ্গা উপজেলার পাকুরিয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী ও বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রেজোয়ান (২৫), বাইক্ষির বনচাকী ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ও বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের শলাহাটি গ্রামের সরোয়ার হোসেন (২৮), কাটাগর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আলফাডাঙ্গার বুরাইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের কুতুবউদ্দিন (২৫) এবং বাইক্ষির বনচাকী ফাজিল মাদ্রাসার শরীরচর্চার শিক্ষক ও উপজেলার সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামের মতিয়ার রহমান (৪২) ।
মাদ্রাসার শরীরচর্চার শিক্ষক মতিয়ার রহমান বলেন, ‘মাদ্রাসার একটি কক্ষে ওই ছেলেরা সভা করছিল। আমি এ সভা সম্পর্কে কিছু জানি না। মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ায় সব শিক্ষক আগেই চলে গেছেন। আমি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ আমাকে আটক করে। পুলিশের হেফাজতে থাকা আটক বাকি তরুণরা কেন ওই মাদ্রাসায় সমবেত হয়েছিল এ ব্যাপারে তারা সুনির্দিষ্টভাবে কিছু না বলে নানা রকম অসংলগ্ন কথা বলেছে।’
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দেশ ও সরকারবিরোধী সভা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।