ফরিদপুরে শিল্পী না আসায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাঙচুর

ঘোষণা অনুযায়ী চিত্রনায়িকা পরীমনি ও কণ্ঠশিল্পী লিজা উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা ফরিদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর করেছেন। গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার পৌর শেখ রাসেল ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২ ও ৩ ডিসেম্বর হামদর্দ (ওয়াকফ) ল্যাবরেটরিজ ও মুক্তি এডের সহায়তায় ওই পার্কে বিজয় কনসার্ট-২০১৬-নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।
দর্শকদের আকৃষ্ট করতে আয়োজকেরা ওই অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনি; কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, লিজা, বৃষ্টি, অখিল; বাউলশিল্পী রিংকু; টিভি তারকা ডি এ তায়েব, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, শশী, প্রিন্স আলমগীর এবং মডেল ও নায়িকা তানহা উপস্থিত থাকবেন বলে প্রচার চালান। টিকিটের দাম নির্ধারণ করা হয় ১৫০, ২০০ ও ৩০০ টাকা।
গত শুক্রবার রাতে ওই অনুষ্ঠানে পরিমনি, লিজা, বৃষ্টি, অখিল, ডি এ তায়েব, তানহা ও কৌতুক অভিনেতা প্রিন্স আলমগীরের সংগীত, নাচ, কৌতুক পরিবেশন করার কথা ছিল। কিন্তু পরিমনি ও লিজা না আসায় দর্শকেরা ক্ষোভে চেয়ার ভাঙচুর করেন।
ওই অনুষ্ঠানে চেয়ার সরবরাহ করেছিল ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকার মণ্ডল ডেকোরেটর। ওই ডেকোরেটরের মালিক মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার তিনি তিন হাজার চেয়ার সরবরাহ করেছিলেন। এর মধ্যে ৫৭৩টি চেয়ার ভেঙে ফেলা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের ইসলাম শেখ বলেন, চিত্রনায়িকা পরীমনি হঠাৎ অসুস্থ হয়ে ভারতে যাওয়ায় তাঁকে আনা সম্ভব হয়নি। কণ্ঠশিল্পী লিজা শুক্রবারের অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও আজ (গতকাল) শনিবারের অনুষ্ঠানে যোগ দেবেন।