ফরিদপুরে শিশুর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সুমি বেগম নামের আট বছরের একটি শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে ফরিদপুর শহরতলির রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ফরিদপুর হিমাগারের পেছনে একটি খুপরি ঘরের ভেতর থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত সুমি বেগম মো. পান্না শেখের মেয়ে। পান্না শেখের মূল বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তিনি ছয় বছর ধরে ওই এলাকায় সরকারি জায়গায় একটি খুপরি ঘরে বসবাস করছেন। পান্না শেখ একটি এনজিওর তত্ত্বাবধানে ফরিদপুর পৌরসভায় ময়লা পরিষ্কার করার কাজ করেন।

শিশুটির বাবা পান্না শেখ জানান, রোববার সকালে তিনি ও তাঁর স্ত্রী কাজ করতে বাইরে যান। বিকেলে বাড়িতে এসে তাঁর মেয়ের মৃতদেহ ঝুলন্ত (গলায় রশি বাঁধা) অবস্থায় দেখতে পান। পরে তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম আক্তার জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে সুমির লাশটি উদ্ধার করে। পুলিশ যাওয়ার আগে ঝুলন্ত লাশটি নামিয়ে ফেলা হয়। তারা লাশটি শোয়ানো অবস্থায় পেয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সুমির বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।