ফরিদপুরে শুরু হচ্ছে জসীম পল্লিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লিকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘জসীম পল্লিমেলা’। ফরিদপুরের আম্বিকাপুরে কবির সমাধি প্রাঙ্গণে এই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পল্লিকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘জসীম পল্লিমেলা’। ফরিদপুরের আম্বিকাপুরে কবির সমাধি প্রাঙ্গণে এই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ফরিদপুরে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে জসীম পল্লিমেলা। সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লিকবি জসীমউদ্দীনের পৈতৃক বাড়ি ও কুমার নদসংলগ্ন জসীম উদ্যানে পক্ষকালব্যাপী এ মেলা চলবে।
জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশীদ জানান, শনিবার বেলা তিনটায় জসীম উদ্যানসংলগ্ন জসীম মঞ্চে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাই জানান, এ মেলায় প্রায় ২০০ স্টলে গ্রামীণ বাংলার মাটি, তাঁত, কারুপণ্যসহ ঐতিহ্যবাহী লোকজ সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে। পাশাপাশি মেলায় সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকূপসহ বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন জসীম মঞ্চে প্রতিদিন কুষ্টিয়া, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুরসহ ফরিদপুর জেলার সাংস্কৃতিক সংগঠন গান, নাচ ও নাটক প্রদর্শন করবে। আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়েছে।
১৯৯১ সাল থেকে ফরিদপুরের জসীম উদ্যানে জসীম পল্লি মেলার আয়োজন করা হচ্ছে। ১ জানুয়ারি পল্লিকবির জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। ফরিদপুরের সাংস্কৃতিক সংগঠন সাহিত্য পরিষদ সর্বপ্রথম এ মেলার আয়োজন করলেও পরবর্তী সময়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যুক্ত হওয়ায় মেলার কলেবর ও গুরুত্ব অনেক বেড়েছে।