ফরিদপুরে শ্মশানের জায়গা জবরদখল
ফরিদপুরের পৌর শ্মশানের জায়গা জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে অন্তত ১২ শতাংশ জায়গা বেদখল হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শতবর্ষের পুরোনো শ্মশানটি ফরিদপুর শহরতলির ধুলদী গোবিন্দপুর মৌজায় কুমার নদের পাড়ে অবস্থিত। পৌরসভার মালিকানাধীন এ শ্মশানের মোট জমির পরিমাণ ১ একর ৬ শতাংশ। শ্মশানে একটি কালীমন্দির, তিন কক্ষের একটি বিশ্রামাগার ও শবদাহের দুটি চুল্লি রয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, শ্মশানের জায়গার তিন দিকে সীমানাপ্রাচীর রয়েছে। কুমার নদ-সংলগ্ন দক্ষিণ-পশ্চিম কোণে কোনো সীমানাপ্রাচীর নেই। ওই অংশে অবৈধ দখলদারেরা ঘর নির্মাণ করে বসবাস করছে।
গত সপ্তাহে শ্মশানের ওই জায়গায় নতুন করে আরসিসি পিলার ও টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ করেন মো. পাপন শেখ নামের এক ব্যক্তি। এ ছাড়া শ্মশানের জায়গায় আগে থেকেই ঘর নির্মাণ করে বসবাস করছে আরও পাঁচটি পরিবার।
গোবিন্দপুর পৌর শ্মশান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অমৃত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত শ্মশানের প্রায় ১২ শতাংশ জমি বেদখল হয়ে গেছে। সম্প্রতি পাপন শেখ যখন ঘর তোলেন, তখন আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু পাপন শোনেননি।’
অমৃত বিশ্বাস বলেন, শিগগিরই দখলদারদের উচ্ছেদ ও দক্ষিণ-পশ্চিম অংশে সীমানাপ্রাচীর নির্মাণ না করা হলে শ্মশানের জায়গা রক্ষা করা সম্ভব হবে না।
জানতে চাইলে পাপন শেখ বলেন, ‘আমরা পৌরসভার লোক। আমার মা শ্মশানে কাজ করেন। পৌরসভার মেয়রই আমাকে ঘর তোলার অনুমতি দিয়েছেন।’
তবে পৌর মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘শ্মশানের জায়গায় কাউকেই ঘর তোলার কোনো অনুমতি বা ইজারা দেওয়া হয়নি। ওখানে যে অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে এবং হচ্ছে তা আমার নজরে এসেছে। অবিলম্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শ্মশানের দক্ষিণ-পশ্চিম দিকে পৌরসভার উদ্যোগে সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে।’