ফরিদপুরে শ্রমমন্ত্রী বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন এক হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। এতে সবাই খুশি হয়েছে। শুধু খুশি না যুদ্ধাপরাধী জামায়াত এবং কমিউনিস্ট নামধারী কিছু ব্যক্তি, যাদের বাড়িতে গেলে আলিশান অবস্থা দেখে তাক লেগে যায়। গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে এক জনসভায় শ্রমমন্ত্রী এ কথা বলেন।শ্রমমন্ত্রী বলেন, ‘পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোয় পোশাক কারখানার মালিকেরা আমাকে চাপ দিচ্ছে। অপরদিকে শ্রমিকেরা আন্দোলনের হুমকি দিচ্ছে।’ তিনি শ্রমিকদের এ মজুরি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে এ বেতন আরও বাড়ানোর সুযোগ আছে।ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে আলীমুজ্জামান সেতু থেকে আলীপুরের মোড় পর্যন্ত সড়কের সংস্কারকাজ শেষে সড়কটির উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। সওজের উদ্যোগে এ সভা করা হলেও সমাবেশটি মূলত জেলা আওয়ামী লীগের শ্রমমন্ত্রী অনুসারীদের মহড়ায় পরিণত হয়। এতে শহরের প্রধান সড়ক মুজিব সড়কে বিকেল সোয়া পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সওজের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় ছাড়া সব বক্তাই ছিলেন জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা। বক্তাদের অনেকেই ২১ জুলাই থেকে পরবর্তী কয়েক দিন ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়ে বক্তব্য দেন এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষের সমালোচনা করেন।শ্রমমন্ত্রী গত কয়েক দিনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘গুলিতে আমার দলের সমর্থক আহত হয়েছে। এ গুলি অন্য দলের কেউ করলে দুঃখ ছিল না। কিন্তু করেছে আমার দলের একটি অংশ। যারা এ কাজ করেছে তারা আওয়ামী লীগের শত্রু।’শ্রমমন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী হয়েছি জনগণ ভোট দিয়েছে বলে। আমি মন্ত্রী না হলেও আমার ক্ষমতা কম থাকত না। কেননা প্রধানমন্ত্রী তাঁর একমাত্র মেয়েকে আমার ঘরে বিয়ে দিয়েছেন। তিনি বিয়াই হিসেবে আমাকে একটু খাতির করতেই পারেন।’জেলা আওয়ামী লীগের সভা আহ্বান করে তাঁকে অতিথি না করায় মন্ত্রী ফরিদপুর আওয়ামী লীগের একাংশের সমালোচনা করে বলেন, ‘ওই সভায় আমাকে না ডেকে চিটাগাং থেকে লেজকাটা এক বান্দরকে অতিথি করা হয়। এ ধরনের সভা ফরিদপুরে হতে দেওয়া যায় না। আগামীতেও তা করতে দেওয়া হবে না।’ শ্রমমন্ত্রী সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের উদ্দেশে বলেন, ‘তোমার জন্ম ফরিদপুরে হয়নি। তুমি তোমার দেশে ফিরে যাও।’