ফরিদপুরে শ্রমমন্ত্রীকে সোনার চাবি
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে সাড়ে তিন ভরি ওজনের সোনার চাবি উপহার দিয়েছে ফরিদপুর পৌরসভা। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী গতকাল শুক্রবার পৌরসভা চত্বরে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর হাতে চাবি তুলে দেন।পৌরসভার পক্ষ থেকে মন্ত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়। বেলা ১১টা ১০ মিনিটে শ্রমমন্ত্রী সংবর্ধনাস্থলে এসে পৌঁছালে পৌরসভা পরিচালিত সাজেদা কবিরউদ্দীন বালিকা বিদ্যালয়ের কয়েক শ ছাত্রী তাঁকে স্বাগত জানায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মাহাতাব আলী। শ্রমমন্ত্রীর হাতে সোনার চাবি তুলে দেওয়ার পর মাহাতাব আলী বলেন, ‘চাবি হাতে তুলে দেওয়া মানে পৌরসভার সব দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া। এ পৌরসভাকে সুন্দর করে গড়ে তোলাসহ যাবতীয় দায়দায়িত্ব এখন আপনার।’ জবাবে শ্রমমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘চাবি আমার হাতে তুইলা দিছেন এখন এই চাবি আমি গলায় নিয়া ঘুইরা বেড়াব।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবল সাহা, যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুন্শী হারুন অর রশিদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সামাদ, উয়ন্নয়নকর্মী আসমা আক্তার প্রমুখ। মানপত্র পাঠ করেন পৌরসভার কাউন্সিলর হাসনা জাহান।এর আগে শ্রমমন্ত্রী ১৩ মাস আগে চালু হওয়া এক কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিন তলা নতুন পৌর ভবন উদ্বোধন করেন।