ফরিদপুরে সংঘর্ষে ১৫ জন আহত
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ছয়টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাতটার দিকে নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের দফা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান ফকির ও কবির মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সোমবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল ভোরে কবিরের সমর্থকেরা মান্নানের সমর্থক ওবায়দুর মাতুব্বরের বাড়িতে হামলা করেছে—এমন গুজবে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের কয়েক শ সমর্থক ঢাল, সড়কি, বল্লমসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চার ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয় এবং ছয়টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।