ফরিদপুরে সংঘাতের আশঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন ফরিদপুরের নগরকান্দা ও বোয়ালমারীর বিএনপির দুই সম্ভাব্য মেয়র প্রার্থী। গতকাল সোমবার তাঁরা এ আশঙ্কার কথা জানান।
বোয়ালমারী পৌরসভার মেয়র পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুর শুকুর শেখ ও নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমানকে স্থানীয়ভাবে ওই দুটি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে।
আবদুর শুকুর শেখ গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা হুমকি দিয়ে বলছেন, তাঁরা নাকি ভোট কেটে নিয়ে যাবেন। এ ব্যাপারে বিএনপির কী প্রস্তুতি আছে, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরাও শক্ত আছি। তারা ভোট কাইটা, ছিইড়া নিয়া যাইতে পারবে না, আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব।’ তবে এ অভিযোগ নাকচ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সবাই প্রার্থী নির্বাচন ও মনোনয়ন নিয়েই ব্যস্ত রয়েছি। এ সময় ওই জাতীয় বিষয় ভাবার সময় আমাদের নেই।’
সাইফুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে যৌথ বাহিনীর অভিযানের নামে আমাদের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়েছে। এখনো পুলিশের অভিযান চলছে। আমাদের নেতা-কর্মীরা ঘরে থাকতে পারছেন না। সুষ্ঠু নির্বাচন হলে আমি ৮০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হব। আমরা কাউকে জনগণের নাগরিক অধিকার কেড়ে নিতে দেব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের অধিকার রক্ষার জন্য রাজনৈতিকভাবে আন্দোলন গড়ে তুলব।’
পুলিশি হয়রানির অভিযোগ অস্বীকার করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসার উদ্দিন বলেন, ‘কোন নেতা-কর্মীর বাড়িতে কবে পুলিশ গিয়েছিল, এ কথা সুনির্দিষ্টভাবে আমাকে জানাতে বলুন।’
নির্বাচনী পরিবেশ নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন, আমরা তা করব। বিএনপির দুই মেয়র প্রার্থী তাঁদের কোনো সংশয়ের কথা আমাকে বলেননি। আমি ওই দুই মেয়র প্রার্থীকে পরামর্শ দিতে চাই, তাঁরা ঘরে বসে এ জাতীয় অভিযোগ না করে মনোনয়নপত্র জমা দিক, মাঠে নামুক। কোনো সমস্যা মনে করলে সরাসরি আমাকে বলুক। আমি আমার সাধ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করব।’