ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত সাবেক ফরিদপুর-৪ সংসদীয় আসনটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ওই আসন পুনরুদ্ধার কমিটি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কমিটির আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন বলেন, ১৯৫৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে মোট ১১টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নয়বার ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) আসনটি অক্ষুণ্ন ছিল। শুধু ১৯৭৯ ও সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে সদরপুর-চরভদ্রাসন উপজেলার সঙ্গে ভাঙ্গাকে সংযুক্ত করা হয়, যা সদরপুর-চরভদ্রাসনের জনগণ সহজভাবে মেনে নেয়নি।কমিটির সদস্যসচিব মো. আখতার উজ্জামান বলেন, সদরপুর ও চরভদ্রাসন চরাঞ্চল-অধ্যুষিত দুটি উপজেলা। অপরদিকে ভাঙ্গা চরাঞ্চল নয়। ফলে ভাঙ্গা উপজেলার জনগণের জীবনধারা এবং সদরপুর-চরভদ্রাসন এলাকার জনগণের জীবনধারা এক নয়। দি ডেলিমিটেশন অব কনস্টিটিউয়েন্সি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ৬(২) ধারায় প্রশাসনিক সুবিধা, এলাকার সংলগ্নতা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অনুসারে সংসদীয় এলাকা নির্ধারণ করার কথা বলা হয়েছে। কিন্তু ২০০৮ সালে কেবল জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় এলাকা পুনর্গঠনের মাধ্যমে সদরপুর ও চরভদ্রাসনবাসীকে তাদের অধিকারবঞ্চিত করা হয়েছে।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মিয়া, পুনরুদ্ধার কমিটির সদরপুর শাখার আহ্বায়ক চৌধুরী আবুল কায়েস, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, সদরপুর জাকের পার্টির সভাপতি আবদুর রাজ্জাক ব্যাপারী, সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু আলম মিয়া, চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জৈনদ্দিন সিকদার প্রমুখ।