ফরিদপুরে সড়কে গরুর হাট, জনদুর্ভোগ

গরুর হাটের নির্ধারিত মাঠ ফাঁকা পড়ে আছে। অথচ পাশের গুরুত্বপূর্ণ দুটি সড়ক দখল করে রাখা হয়েছে বিক্রির জন্য নিয়ে আসা গরু। ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। এ কারণে এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফরিদপুর শহরের অন্যতম প্রাচীন টেপাখোলা গরুর হাটে গিয়ে গত মঙ্গলবার বিকেলে এ চিত্র দেখা গেছে।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি ইয়াছিন কলেজের সামনে মুজিব সড়ক ও উত্তরে বেলতলা সড়কের মাঝে গরুর হাট বসার কথা থাকলেও সড়ক দখল করে গরু রাখা হয়েছে। ফলে সিএনবি ঘাট থেকে ফরিদপুর শহরে আসার প্রধান পথ মুজিব সড়ক এবং লক্ষ্মীপুর ও চুনাঘাটা এলাকায় যাতায়াতের জন্য বেলতলা সড়কে যানবাহন চলাচলে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাটের পশ্চিম পাশে বিএডিসির গোডাউন, দক্ষিণ পাশে সরকারি ইয়াছিন কলেজ, টেপাখোলা জামে মসজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা রয়েছে। ওই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী ও সাধারণ লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
প্রতি মঙ্গলবার হাটের দিন কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা শহর থেকে ট্রাক ভর্তি করে আনা হচ্ছে গরু। মঙ্গলবার হাট বসলেও সড়ক দখল করে রাখায় প্রতিনিয়তই এলাকায় যানজট লেগে থাকে।
সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ মো. ইছাহাক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় গরু রাখায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার পাশে নর্দমার ওপর গরু রাখায় সেগুলো ভেঙে যাচ্ছে।
হরোকান্দি এলাকার অটোরিকশাচালক সবুজ মিয়া বলেন, হাটের দিন এলাকায় এলে আর বের হওয়ার উপায় থাকে না। বেলতলা এলাকার জেহাদ ফকির বলেন, হাটের পশ্চিম পাশে বেলতলা সড়কের ওপর গরু রাখায় গোবর ও আবর্জনায় এলাকা দূষিত হচ্ছে। চুয়াডাঙ্গার দামুড়হুদার গরু ব্যবসায়ী ফারুখ হোসেন বলেন, ‘মাঠের ভিতরে পানি জমে থাকে। ক্রেতারা সেখানে যেতে চান না। তাই বাধ্য হয়েই আমরা সড়কে গরু রেখেছি।’
মাগুরার সীমাখালী গ্রামের লিটু সিকদার বলেন, মাঠের কাদার মধ্যে দাঁড়ালে গরুর পায়ে ঘা হয়ে যায়। মাঠ পাকা করে দিলে দুর্ভোগ হতো না। হাটে পুলিশের কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন বলেন, ‘হাট কর্তৃপক্ষই রাস্তায় গরু রাখে। তারা রাখলে আমাদের কী করার আছে।’
গরুর হাটের পরিচালক এম এ সালাম লাল বলেন, পৌরসভার মালিকানাধীন এই হাটটি চার কোটি ১৫ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে। সড়ক হতে হাটের মাঠটি চার-পাঁচ ফুট নিচু। তাই বৃষ্টি হলে মাঠে পানি জমে যায়। ব্যবসায়ীদের গরু নিয়ে মাঠে যেতে বলা হলেও তাতে সাড়া পাওয়া যায়নি।
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, বিষয়টি নিয়ে ইজারাদারদের সঙ্গে কথা বলে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।