ফরিদপুরে সব কোচিং সেন্টার শুক্রবার বন্ধ রাখা হবে
ফরিদপুরে সব কোচিং সেন্টার শুক্রবার বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রশাসন। কিন্তু ফরিদপুরে কতগুলো কোচিং সেন্টার রয়েছে, তার কোনো হিসাব নেই জেলা প্রশাসন কিংবা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে।
গত বৃহস্পতিবার ফরিদপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে বক্তব্য দেওয়ার সময় ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া কোচিং সেন্টারগুলো শুক্রবার বন্ধ রাখার এই উদ্যোগের কথা জানান।
জেলা প্রশাসক বলেন, ফরিদপুরে শুক্রবার সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। ওই দিন কোনো পড়াশোনা করতে হবে না। ওই দিন শিক্ষার্থীরা যার যা ইচ্ছে তা-ই করবে। কেউ ঘুমিয়ে, কেউ গল্প করে, কেউ খেলাধুলা করে, কেউবা ঘোরাঘুরি করে সময় কাটাবে। এর ফলে শিক্ষার্থীদের শরীর ও মন প্রফুল্ল থাকবে।
জেলা প্রশাসকের বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ বলেন, সব কাজের মধ্যেই বিশ্রাম জরুরি। আর শিশুদের জন্য এ বিশ্রাম আরও অনিবার্য। অনেক কোচিং সেন্টারেই শুক্রবার ক্লাস নেওয়া হয়, কোনো কোনো কোচিং সেন্টারে ওই দিন (শুক্রবার) পরীক্ষাও নেওয়া হয়। সপ্তাহের সাত দিন পড়লে শিশুদের মনোবিকাশ ব্যাহত হতে বাধ্য। এ জন্য শিশুদের ছুটি দেওয়া উচিত শরীর ও মন প্রফুল্ল তথা সতেজ রাখার জন্য। অনেক পরিবারের বাবা বা মাকে কিংবা দুজনকেই চাকরির সুবাদে অন্যত্র থাকতে হয়। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ওই দিন তাঁরা বাড়িতে আসার সুযোগ পান। এই সুযোগে সন্তানদের সঙ্গে তাঁরা সময় কাটাতে পারেন। কিন্তু ওই দিনও যদি শিশুদের কোচিং সেন্টারে থাকতে হয়, তা প্রকারান্তরে একটি অমানবিক বিষয় হয়ে দাঁড়ায়।
জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, ‘এটি একটি শুভ উদ্যোগ। আমি মনে করি, এই উদ্যোগ শিশু-কিশোরের মনোবিকাশে সহায়ক হবে।’ তবে ফরিদপুরে কতগুলো কোচিং সেন্টার রয়েছে, সে ব্যাপারে তাঁর কোনো ধারণা নেই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, জেলায় বা ফরিদপুর শহরে কতগুলো কোচিং সেন্টার রয়েছে, তার হিসাব নেই। অলিগলি ও বাড়ি বাড়ি কোচিং সেন্টার খোলা হয়েছে। তিনি বলেন, লেখাপড়া স্কুল-কলেজের পরিবর্তে কোচিং সেন্টার ও গাইডের মধ্যে ঢুকে গেছে। তিনি বলেন, কোচিং সেন্টার বা কেজি স্কুল খুলতে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী কেজি স্কুলের নিবন্ধন আবশ্যক নয়, তবে কেউ নিবন্ধন নিতে চাইলে নেওয়ার সুযোগ আছে। না নিলে কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘আমার জানামতে ফরিদপুরের কোনো কেজি স্কুলের নিবন্ধন নেই। যে প্রতিষ্ঠানের নিবন্ধন নেই, সেই প্রতিষ্ঠানের জবাবদিহিও নেই।’
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুরে কতগুলো কোচিং সেন্টার রয়েছে, তার কোনো তালিকা আমাদের হাতে নেই। তবে জেলা প্রশাসকের ঘোষণা বাস্তবায়নের উদ্যোগ হিসেবে আমরা ফরিদপুরের দুটি প্রধান বিদ্যালয় ফরিদপুর জিলা স্কুল ও ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করব। আমাদের বিশ্বাস, ওই দুই স্কুলের শিক্ষকদের কাছ থেকে বেশির ভাগ কোচিং সেন্টারের খোঁজ পাওয়া যাবে।’