ফরিদপুরে সমবায় প্রতিষ্ঠান সিলগালা দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘তৃণমূল সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি’ নামের একটি সমবায় প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বেলা তিনটার দিকে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসানের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কামরুল হাসান (৩০) ও মাঠকর্মী গৌর চন্দ্র বিশ্বাসকে (৪০) গ্রেপ্তার করে চরভদ্রাসন থানায় সোপর্দ করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুল হাসান (৩৮) ও ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান (৩৯) গ্রাহকদের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করার পর আত্মগোপন করেন। এ ব্যাপারে গ্রাহকেরা লিখিত অভিযোগ করলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের সব কাগজপত্র জব্দ করা হয়।
ইউএনও জানান, ওই প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র নেই। শুধু সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে প্রতিষ্ঠানটি যাবতীয় ঋণদান ও সঞ্চয় কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। মাত্র পাঁচ বছরে গ্রাহকদের দ্বিগুণ লাভ দেওয়ার আশ্বাস দিয়ে মোট ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ছাড়া এক লাখ টাকার জমার বিপরীতে মাসে তিন হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও হাতিয়ে নিয়েছে আরও কয়েক লাখ টাকা।
দুই মাস আগে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পাশের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কামরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক একই গ্রামের মেহেদী হাসান অর্ধকোটির বেশি টাকা নিয়ে গা ঢাকা দেন।
গ্রেপ্তার কামরুল হাসান জানান, ৩৭ জন গ্রহকের কাছ থেকে ৪৫ লাখ টাকা স্থায়ী আমানত সংগ্রহ করা হয়েছে। সমিতির চেয়ারম্যান কামরুল হাসান কোনো টাকা ব্যাংকে রাখেননি। এ ছাড়া আরও আড়াই শ মানুষের কাছ থেকে ক্ষুদ্র আমানতের টাকা সংগ্রহ করা হয়। সব টাকাই সমিতির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়ে গেছেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রতারণার শিকার গ্রাহক মুক্তা আক্তার বাদী হয়ে গতকাল সোমবার থানায় একটি মামলা করেছেন। এজাহারে মুক্তা আক্তার উল্লেখ করেন, পাঁচ মাস ধরে তাঁকে লভ্যাংশের টাকা দেওয়া হচ্ছে না।