ফরিদপুরে সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসবে পরীক্ষা দিচ্ছে এই খুদে শিক্ষার্থী। আজ মঙ্গলবার ফরিদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই গণিত উৎসবে রাজবাড়ী ও ফরিদপুরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসবে পরীক্ষা দিচ্ছে এই খুদে শিক্ষার্থী। আজ মঙ্গলবার ফরিদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই গণিত উৎসবে রাজবাড়ী ও ফরিদপুরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসব আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ফরিদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে গণিত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। 

উদ্বোধনী বক্তব্য মো. সিদ্দিকুর রহমান বলেন, গণিত ভীতি দূর করা এবং গণিত নিয়ে স্বপ্ন দেখিয়েছে ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব। বিগত ১৩টি উৎস রের পর্যালোচনা করে দেখতে পাই, বাংলাদেশ এই উৎসব থেকে ইতিমধ্যে সাফল্য অর্জন করছে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব।
উৎসবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার সাহা।
উৎসবে জাতীয় সংগীত পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার সদস্যরা। এর পরই সকাল নয়টা ৪০ মিনিট থেকে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-এই চার বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা গণিত প্রতিযোগিতায় অংশ নেয়। এ ঘণ্টা ১৫ মিনিটের এ পরীক্ষায় রাজবাড়ী ও ফরিদপুরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরপরই প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী অনুষ্ঠান হবে।
‘গণিত শেখো-স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে এবারের গণিত উৎসবের ১৪ তম আসরের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। পুরো উৎসবে সহযোগিতা করেছেন প্রথম আলোর স্থানীয় বন্ধুসভার সদস্যরা।