ফরিদপুরে সরকারি ওষুধের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের কারণে ফরিদপুরে সরকারি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার একটি জেনারেল হাসপাতাল, সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৮টি স্বাস্থ্যকেন্দ্রে এ সংকট বিরাজ করছে।
ফরিদপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকার তেজগাঁওয়ের এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ও সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে বিভিন্ন জেলায় সরকারি ওষুধ সররাহ করা হয়। এর মধ্যে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে বছরে একবার এবং ইডিসিএল থেকে দুবার ওষুধ সরবরাহ করা হয়। তবে ইডিসিএল থেকে প্রয়োজনীয় ও সাধারণ ওষুধগুলোই মূলত সরবরাহ করা হয়ে থাকে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ওষুধ শেষ হওয়ার আগেই গত মাসের প্রথম সপ্তাহে ফরিদপুর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধের চাহিদা জানিয়ে ইডিসিএলকে প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু দেশব্যাপী অবরোধ শুরু হওয়ায় ওষুধ ফরিদপুরে আনা সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর জেনারেল হাসপাতালের এক কর্মচারী বলেন, ‘দেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির কারণে ইডিসিএল ঢাকা থেকে ওষুধ সরবরাহ করতে যেমন উৎসাহী নয়, তেমনি এ পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে আমরাও ওষুধ আনতে ভরসা পাচ্ছি না।’
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা অমৃত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের কেন্দ্রে সাধারণত ৩০ ধরনের ওষুধ সরবরাহ করা হয়। বর্তমানে শুধু তিন ধরনের ওষুধ রয়েছে। গত মাস থেকে এ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের শুধু ব্যবস্থাপত্র দিয়েই দায়িত্ব শেষ করতে হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ দিতে পারছি না।’
ফরিদপুর জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ ফার্মাসিস্ট শামসুল ইসলাম ওরফে টোকন বলেন, ‘বর্তমানে ঝামেলার কারণে ঢাকার ইডিসিএল থেকে ওষুধ পাঠানো হচ্ছে না। আমরাও রিসিভ (গ্রহণ) করতে পারছি না। আমাদের স্টোরকিপার রেজাউল হক ঢাকায় গিয়েও ফিরে এসেছেন। এটা শুধু ফরিদপুরের সমস্যা নয়, সব জায়গাতেই এ সমস্যা হচ্ছে। অবরোধ-হরতাল না গেলে ওষুধের সরবরাহ স্বাভাবিক হবে না।’
সিভিল সার্জন অসিত রঞ্জন দাস বলেন, ‘আমাদের কমন (সাধারণ) ওষুধগুলো নেই। এগুলো মূলত সরবরাহ করে ইডিসিএল। সরবরাহকৃত ওষুধ আমাদের নিজেদের ব্যবস্থাপনায় ট্রাকে করে আনতে হয়। কিন্তু এই অবস্থায় ওরাও (ইডিসিএল) ওষুধ সরবরাহ করতে চাচ্ছে না। আমরাও আনতে পারছি না।’