ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি
ফরিদপুরের নয়টি উপজেলার প্রায় অর্ধশত সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি করা হয়েছে৷ এ ব্যাপারে বিভিন্ন থানায় বেশ কটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷
ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল আলম জানান, গত সোমবার বেলা সোয়া তিনটার দিকে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে আজিজ নামের এক ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে বাংলালিংকের একটি নম্বর থেকে তাঁকে ফোন করে চাঁদা দাবি করে৷
আলফাডাঙ্গা উপজেলার প্রকৌশলী জয়নাল আবেদীন বলেন, ‘মুঠোফোনে আমার কাছে এবং সহকারী হিসাবরক্ষক আইয়ুব আলী এবং উপসহকারী প্রকৌশলী রণজিৎ পাল ও আশকার ইবনে আমীরের কাছে একই কায়দায় চাঁদা দাবি করা হয়েছে৷’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে৷ তবে এ বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই৷