ফরিদপুরে সরকারি দপ্তরের সাড়ে চার কোটি টাকা পৌরকর বকেয়া
বিভিন্ন সরকারি দপ্তরে ফরিদপুর পৌরসভার পৌরকর বাবদ পাওনা ৪ কোটি ৪৮ লাখ টাকা। গত ২৩ মে ফরিদপুর পৌরসভা থেকে পাওয়া তথ্যে এ কথা জানা গেছে।
এর মধ্যে নদী গবেষণা ইনস্টিটিউটের কাছে পাওনা ৩৭ লাখ ৫৭ হাজার ৫০ টাকা। ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে পাওনা ২৬ লাখ ১৭ হাজার টাকা। জেলা প্রশাসকের আওতাধীন ১০টি হোল্ডিংয়ে বকেয়া ১৭ লাখ ৬৪ হাজার টাকা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে পাওনা ১২ লাখ ৫ হাজার টাকা। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কাছে পাওনা ১১ লাখ ৭৪ হাজার টাকা। জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে পাওনা ১০ লাখ ৫১ হাজার টাকা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাওনা ৮ লাখ ৭৬ হাজার টাকা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাছে ৭ লাখ ৯৯ হাজার টাকা, জেলা রেজিস্ট্রারের কাছে ৭ লাখ ১১ হাজার টাকা এবং জেলা শিল্পকলা একাডেমির কাছে ৪ লাখ ২৮ হাজার টাকা পাওনা।
১৮৬৯ সালে স্থাপিত হয় ফরিদপুর পৌরসভা। চারটি মৌজার ৩৬টি মহল্লা ও নয়টি ওয়ার্ডবিশিষ্ট এ পৌরসভার আয়তন ২২ দশমিক ৩৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৯২১ জন। ১৯৮৩ সালে এ পৌরসভা ‘খ’ শ্রেণি এবং ১৯৮৬ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।
বকেয়া পৌরকর প্রসঙ্গে নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) অরুণ কান্তি মহোত্তম প্রথম আলোকে বলেন, ‘বিগত বছরগুলোতে আমাদের পৌরকর ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যে হতো। কিন্তু এ বছর কেন প্রায় চার গুণ বেড়ে গেল, তা আমার বোধগম্য নয়। আমরা এ ব্যাপারে পৌরসভার কাছে প্রতিবাদ জানিয়েছি’ মন্তব্য করে তিনি বলেন, ‘গত এক বছরে নদী গবেষণা ইনস্টিটিউটের জায়গা ও অবকাঠামো বাড়েনি। তা ছাড়া এ প্রতিষ্ঠানের অর্ধেক অংশ পৌরসভার বাইরে অবস্থিত। সড়কবাতি, পানি ও আবর্জনা পরিষ্কারের ব্যাপারে আমরা পৌরসভার কোনো সহযোগিতা পাই না।’ তিনি বলেন, ‘এক বছরের ব্যবধানে এত টাকা সরকার আমাদের দেবে না।’