ফরিদপুরে সাঁকো ভেঙে আহত ১৫, ভোগান্তিতে দুই গ্রামের মানুষ
ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের ইসলামপুর বাজার এলাকায় গত শুক্রবার সেতু ভেঙে খালে পড়ে ১৫ জন আহত হয়েছেন৷ সেতু ভেঙে পড়ায় দুটি গ্রামের তিন সহস্রাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে৷ আহত ব্যক্তিদের মধ্যে ইসলামপুর গ্রামের বুড়ি বেগমকে (৩৫) ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এলাকাবাসী জানান, ইসলামপুর গ্রামের বাসিন্দা মজিদ খানের ছেলে শামীম খান সম্প্রতি একই ইউনিয়নের সজনীরায়েরডাঙ্গি গ্রামের তালতলা লেকপাড় এলাকায় বিয়ে করেন৷ শুক্রবার তিনি শ্বশুরবাড়ি থেকে কনেসহ তাঁর স্বজনদের নিয়ে ফিরছিলেন। পথে ইসলামপুর বাজার এলাকার বাঁশের সাঁকো পার হওয়ার সময় মাঝ বরাবর ভেঙে সেতুটি ৪০ ফুট নিচে খালে পড়ে যায়। এতে অন্তত ৫০ জন খালে পড়ে আহত হন৷ তবে সেতুর শেষ প্রান্তে থাকায় বর ও কনে এ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
চরমাধবদিয়া ইউিনয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মণ্ডল বলেন, বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় ওই এলাকার দিরাজ তালুকদারেরর ডাঙ্গি ও হাজি সাবের খাঁর ডাঙ্গি গ্রামের তিন সহস্রাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।