ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সাংবাদিক গৌতম দাসের স্ত্রী দিপালী দাস ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামে গৌতমের সমাধিতে ফুল দেন। চণ্ডীদাসদী, ভাঙ্গা উপজেলা, ফরিদপুর, ১৭ নভেম্বর ২০১৭। ছবি: আলীমুজ্জামান।
ফরিদপুরের সাংবাদিক গৌতম দাসের স্ত্রী দিপালী দাস ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামে গৌতমের সমাধিতে ফুল দেন। চণ্ডীদাসদী, ভাঙ্গা উপজেলা, ফরিদপুর, ১৭ নভেম্বর ২০১৭। ছবি: আলীমুজ্জামান।

সাহসী ও নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে গিয়ে ব্যক্তি গৌতম দাসদের শারীরিকভাবে হত্যা করা যেতে পারে। তবে এ শাশ্বত চেতনার কোনো মৃত্যু নেই। তাই বারবার গৌতমরা জন্ম নেয় এবং সত্য ও ন্যায়ের প্রদীপ জ্বলতেই থাকে। 

দুর্বৃত্তের হামলায় নিহত সাংবাদিক গৌতম দাসের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এভাবেই তাঁদের মনের আকুতি তুলে ধরেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হাসানউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন ফকির, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের আহ্বায়ক সৌমিত্র মজুমদার প্রমুখ। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গৌতম দাসের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে একটি শোক শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকাল নয়টার দিকে ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামে গৌতমের সমাধিসৌধে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা, সমকাল সুহৃদ সমাবেশ, ভাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণসহ প্রার্থনায় অংশ নেন নিহত গৌতম দাসের স্ত্রী দিপালী দাস।
দুপুরে ফরিদপুর শহরের বান্ধবপল্লিতে গৌতমের স্ত্রীর উদ্যোগে শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া ভাইবোনদের উদ্যোগে ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামে পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৫ সালে ১৭ নভেম্বর দৈনিক সমকালের তৎকালীন ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে নিজ কার্যালয়ে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের নয় বছর পর ২০১৪ সালের ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক শাহেদ নুর উদ্দীন এ মামলার নয় আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ের পর সব আসামি হাইকোর্টে আপিল করেছেন। বর্তমানে আসামিরা ফরিদপুর জেলা কারাগারে কারাভোগ করছে।