ফরিদপুরে সাপের কামড়ে দুই ছাত্রী নিহত
ফরিদপুরে সাপের কামড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দুজনের একজন হলেন মালিগ্রাম প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী, টিক্কা হাওলাদারের মেয়ে মারিয়া আক্তার (৮)। অপরজন টিক্কার চাচাতো ভাই জাফর হাওলাদারের মেয়ে মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জাহানারা আক্তার (১০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, জাহানারা গতকাল বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে গেলে তাকে সাপ কামড় দেয়। প্রাথমিক অবস্থায় স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এদিকে মারিয়া ভাঙ্গার পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামে পদ্মপুকুর এলাকায় নানার বাড়িতে বেড়াতে গেলে রোববার তাকে সাপে কামড় দেয়। ওই রাতেই নানা বাড়িতে তার মৃত্যু হয়।