ফরিদপুরে সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাখাওয়াত হোসেন ওরফে সাকু মুহুরি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষে আহত হন সাকু। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত আটটার দিকে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।

সাকু মুহুরি খোয়ার গ্রামের খালেক মুহুরির ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা আদালতে মুহুরির কাজ করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গট্টি ও পাশের আটঘর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বরের সঙ্গে গট্টির ইউনিয়েন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল মতিন বাদশা ও আটঘর ইউপির চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল হাসান খান ওরফে সোহাগের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে আটঘরের সিংগ প্রতাপ গ্রামে ওদুদ ও ফজলুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পাঁচজন আহত হন।

সকালের সংঘর্ষের জের ধরে বিকেলে আটঘরের গোয়ালপাড়া গ্রামে সোহাগ ও ওদুদের সমর্থকদের মধ্যে আবার সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে খোয়াড়পাড়া গ্রামের ওদুদের সমর্থকেরা যোগ দিতে চাইলে ফজলুলের সমর্থকেরা হুমকি দেন, ওদুদের সমর্থকেরা গোয়ালপাড়া গেলে তাঁরা খোয়াড়পাড়ায় হামল চালাবেন। এ খবর শুনে খোয়াড়পাড়া গ্রামের ওদুদের সমর্থকেরা গোয়ালপাড়া না গিয়ে আনুমানিক দেড় কিলোমিটার দূরে অবস্থিত ভাবুকদিয়া গ্রামে হামলা চালাতে যান। এ সময় ভাবুকদিয়া গ্রামের লোকদের সঙ্গে ওদুদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে সাকু মুহুরিসহ আরও পাঁচজন আহত হন।

সাকুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটার দিকে তিনি মারা যান।

গতকাল রাত ১০টা থেকে খোয়াড়পাড়া গ্রামে অন্তত ১২টি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা গরু-ছাগল নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় ভাঙচুর করা হয় সামাদ মাতুব্বরের বাড়ি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।