ফরিদপুরে সুতাবোঝাই ট্রাক খাদে, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সুতা ভর্তি একটি ট্রাক খাদে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পঁাচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের বাসিন্দা দিলিপ মীর (৪৫) ও একই গ্রামের ফজলু মোল্লা (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুতাভর্তি বরিশালমুখী একটি ট্রাক মানিকনগর সেতুর কাছে এলে ওই ট্রাকের সামনের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি দিলিপ ও ফজলুকে চাপা দিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
পুলিশ ট্রাক চাপা পড়া লাশ দুটি উদ্ধার করেছে।
প্রথমে ট্রাকের নিচে আরও লোক চাপা পড়েছে বলে এলাকাবাসী আশংকা করলেও রাত সাড়ে আটটার দিকে ট্রাকটি উদ্ধার করার পর তার নিচে আর কোন লাশ পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক।