ফরিদপুরে সূর্যের রঙিন বলয়ে মুগ্ধ মানুষ
এবার সূর্যের চারপাশে দৃষ্টিনন্দন রঙিন বলয় দেখলেন ফরিদপুরের মানুষ। গতকাল ঘণ্টা দেড়েক স্থায়ী এ রংধনু রঙের বলয় সবাইকে চমত্কৃত করে। গত ২৮ জুলাই অনুরূপ দৃশ্য দেখা যায় দিনাজপুরে।সাধারণ মানুষ এ বিরল ঘটনার নানা রকম ব্যাখ্যা দিলেও বিজ্ঞানসংশ্লিষ্টরা বলেছেন, এটি অলৌকিক কিছু নয়, বরং বাতাসে থাকা জলীয় বাষ্পের কণায় সূর্যের আলো পড়ে এ জাতীয় দৃশ্যের অবতারণা হওয়ার সম্ভাবনাই বেশি। বেলা ১১টায় প্রথমে সূর্যের বাঁপাশে দেখা যায় অর্ধচন্দ্র আকারের একটি রঙিন বলয়। রং অনেকটা রংধনুর মতো। ক্রমেই বলয়টি বড় হয়ে সূর্যকে ঘিরে ফেলে। সাড়ে ১২টা পর্যন্ত বলয়টি দৃশ্যমান ছিল। তারপর মিলিয়ে যায়। বলয় থাকা অবস্থায় সূর্যকে ঘিরে শরতের হালকা সাদা মেঘের সঞ্চরণ দৃশ্যটিতে অন্য মাত্রা দেয়। শহরের লোকজন সূর্যের আলোর তীব্রতা উপেক্ষা করে খালি চোখেই ব্যতিক্রমী দৃশ্যটি উপভোগ করেন। সাধারণ ক্যামেরা, ভিডিও কিংবা মোবাইলে যে যেভাবে সুযোগ পেয়েছেন এর ছবি তুলেছেন। সনাতন (হিন্দু) ধর্মের অনুসারীরা অনেকে বলতে থাকেন আজ বুধবার শুভ জন্মাষ্টমী বলে ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাতে প্রকৃতি আকাশে ফুটিয়ে তুলেছে সুদর্শন চক্র।স্থানীয় অধ্যাপক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, এটি একটি সূর্যবলয়। বিষয়টি সম্পূর্ণভাবে সৌরমণ্ডলীয়। এর সঙ্গে অন্য কোনো ধারণা যুক্ত করা যাবে না। সরকারি রাজেন্দ্র কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান বলেন, ‘এ ধরনের বিস্ময়কর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে গ্যাসীয় উপাদানের পুঞ্জীভবনের কারণে এটি হয়ে থাকতে পারে।’তবে বিজ্ঞানচর্চা সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো মহাজাগতিক ঘটনা নয়। তা হলে সারা বিশ্ব থেকেই এ দৃশ্য দেখা যেত। সাধারণ ধারণা থেকে বলা যায়, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পের কণা থাকে, তাতে সূর্যের আলো পড়ে প্রিজম হিসেবে কাজ করে এ দৃশ্যের অবতারণা করেছে।